আজ - শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৫৪

যশোর চৌগাছা সড়কে প্রেমিকা চালাচ্ছিলো প্রেমিকের বাইক পিকআপের ধাক্কায় প্রান গেলো দুই জনের।

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনেরা জানিয়েছেন।

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরসভার বাকপাড়া এলাকার নাজমুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা নম্বরবিহীন সাদাকালো রঙের ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাঁদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->