
যশোরে চুরির অভিযোগে এক নারীকে ছয় মাসের কারাদন্ড দেন একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সঞ্জয় পাল এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের পুলিশ সদস্যরা এক নারীকে এবং দালালির অভিযোগে দুই পুরুষকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যান। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ কুমার পোদ্দার তাদের হেফাজতে নেন।
আটকরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেপাড়া এলাকার হাসু মিয়ার স্ত্রী শিল্পী খাতুন (২৫), যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫০) এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে মারুফ হোসেন (৫০)।
পরে বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শিল্পী খাতুনকে চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, দালালির অভিযোগে আটক আবিদ হাসান ও মারুফ হোসেনকে খালাস দেওয়া হয়েছে।