
যশোরের বাঘারপাড়া উপজেলার ফতেপুর ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ইফতার পরবর্তী সময়ে উপজেলার রায়পুর গ্রামের আরিফ ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত রিয়াজ ওই এলাকার মুক্তার মোল্লার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষ করে রিয়াজ মোটরসাইকেলযোগে যশোর শহরে ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে রায়পুর এলাকার আরিফ ভাটার সামনে পৌঁছালে আকস্মিক একটি শেয়াল দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় চলন্ত মোটরসাইকেলের চাকার নিচে শেয়ালটি ঢুকে পড়লে রিয়াজ নিয়ন্ত্রণ হারিয়ে পিচঢালা সড়কের ওপর ছিটকে পড়েন।
দুর্ঘটনার সময় রিয়াজের মাথায় হেলমেট না থাকায় তার মুখমণ্ডল ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় হেলমেট না থাকায় চোটের মাত্রা বেড়েছে। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।