
মহেশপুরে একটি বাঁওড়ে মাছ ধরতে গিয়ে আশিক আহমেদ (২৯) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা দিকে এই ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নওগাঁ জেলার রানীনগর উপজেলার ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে মোটরযান শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে মঙ্গলবার সকালে গাড়ি মেরামতের জন্য আশিক আহমেদ মহেশপুর এসেছিলেন। গাড়ি মেরামত শেষে একজন অফিসার ও আরও দুজন কনস্টেবলসহ আশিক আহমেদ মহেশপুর পান্তাপাড়া ইউনিয়নের পদ্মরাজপুর গ্রামের সস্তার বাঁওড়ে গোসল করতে গিয়েছিলেন। সেখানে তারা গোসল করার আগে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। এসময় হঠাৎ আশিক আহমেদ জ্ঞান হারালে তাকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন জানান, কী কারণে আশিক আহমেদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনসে জানাজার পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হবে।