
আগামীকাল ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজে ভাসছে পুরো জেলা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা বিএনপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
প্রধানমন্ত্রীর এই আগমন ও জনসভাকে ঘিরে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থল থেকে শুরু করে যাতায়াতের প্রতিটি পথে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনসভাকে কেন্দ্র করে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বিশাল এই জনস্রোত সামাল দিতে এবং শৃঙ্খলা রক্ষায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ প্রায় ৫ হাজার যানবাহনের জন্য ১০টি আলাদা পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ও এমপি-মন্ত্রীদের জন্য থাকছে বিশেষ পার্কিং ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফরের সূচি অনুযায়ী, আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১টা ৩৫ মিনিটে ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেলে ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, এটি একটি ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে। যশোর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এই সভায় যোগ দেবেন।
যশোরবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।