আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:০৮

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযান,মামলার নথি নিয়ে আদালতের ব্যাখ্যা তলব।

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় এজাহার দাখিল, জব্দ তালিকা প্রস্তুত এবং আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে-কে বিস্তারিত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতের স্টেনোগ্রাফার আনন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই দৈনিক লোকসমাজ পত্রিকায় প্রকাশিত ‘যশোরে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা’ শিরোনামের একটি সংবাদ আদালতের নজরে আসে। সংবাদে বলা হয়, যশোরের উপশহর এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে। এছাড়া, গত ১ আগস্ট রাতদিন নিউজ-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে উপশহর এলাকা থেকে বিরামপুরের সুমন ও খয়েরতলার আকরাম মণ্ডল নামে দুই মাদক কারবারিকে আটকের তথ্যও আদালতের নজরে আসে। ওই অভিযানেও নেতৃত্ব দেন এসআই অলক কুমার দে।
দুটি ঘটনায় পর্যালোচনা করে আদালত পর্যবেক্ষণ করেন, অভিযানের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কি না, এজাহার দাখিল করা হয়েছে কি না, মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে কি না এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে কি না, এসব বিষয়ে স্পষ্ট তথ্য প্রয়োজন। এ কারণে ঘটনাগুলোর বিস্তারিত তদন্ত করে এজাহার, জব্দ তালিকা, গ্রেপ্তার ও আদালতে সোপর্দসংক্রান্ত সকল তথ্যসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে আদালতে দাখিলের জন্য উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দেকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->