
যশোরের সাবেক ডিবি কর্মকর্তা ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই মফিজুল ইসলাম কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন। আগস্ট ২০২৬ মাসে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার, দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার এবং অপহৃত তিন ভিকটিমকে দ্রুত উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে আর্থিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে আগস্ট মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য মোট ১৪ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসআই মফিজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন
জানা যায়, এসআই মফিজুল ইসলাম ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে জড়িত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার এবং বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধারে ভূমিকা রাখেন। এছাড়া কোর্ট থেকে অপহৃত তিন ভিকটিমকে সোনারগাঁওয়ের মেঘনা নদী এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এর আগে বুধবার সকালে পুলিশ লাইন্স প্যারেড মাঠে আয়োজিত অনুষ্ঠানে সালামি গ্রহণ করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। পরে মাসিক কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আগস্ট মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ১৪ জন পুলিশ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে তিনি যশোরে থাকাকালীন সময়ে একের পর এক ক্লুলেস হত্যা মামলাসহ বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন করে আলোচনায় উঠে আসেন। এ জন্য তিনি একাধিকবার জেলা ও খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন।