আজ - শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:০৮

মাগুরায় পূজা উপলক্ষ্যে অতিরিক্ত মদ পানে এক সাথে প্রান গেলো দুই বন্ধুর।

বিজয়া দশমীর রাতে বন্ধুদের সাথে অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে আলমগীর লস্কর (৪২) ও বিধান বিশ্বাস (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে আলমগীর মুসলিম এবং বিধান সনাতন ধর্মাবলম্বী হলেও তারা দুজনে বন্ধু ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপ এলাকায় বন্ধুদের সাথে মদ্যপান করেন আলমগীর ও বিধান। মদ্যপানের পরই দুজন অসুস্থ হয়ে পড়েন। আলমগীরের অসুস্থতার বিষয়টি বুঝতে পেরে বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে বাড়িতেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এরপর শুক্রবার ভোরে পরিবারের লোকজন তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিধান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে স্বজনরাও তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বিধান বিশ্বাসের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে বিধান বন্ধুদের সাথে মদপান করেছিল। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভোরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই ঘটনায় তার বন্ধু আলমগীরকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, বিষাক্ত বা অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->