আজ - শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৫৪

যশোর নতুন হাটে গভীর রাতে ২ মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান গেলো ৩ যুবকের।

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার  দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আরিফুল ইসলাম জয়, বাবার নাম শহিদুল ইসলাম এবং ঠিকানা যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড উল্লেখ রয়েছে। তৃতীয় নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতরা হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। কার্ডে ঠিকানা উল্লেখ রয়েছে—পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর পৌরসভা, যশোর সদর, যশোর। তবে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের সন্ধান পেতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->