আজ - শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:১৬

খালের মধ্য থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় খালের মধ্য থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা রাজারচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন-উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার মোয়াজ্জেম সরদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগম (৫০)।

স্বজনদের দাবি, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। স্বামী-স্ত্রীকে একসঙ্গে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুক্তিপণের টাকা না দেওয়ায় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগমকে ঘর থেকে চেতনানাশক ওষুধ খাইয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর আজ রাজারচর এলাকার একটি খালে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক বলেন, ‘লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->