আজ - শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:০৪

যশোর চুড়ামনকাঠির মেয়ে জান্নাতুলের লা শ মিললো কুমিল্লার একটি ধানক্ষেত থেকে।

কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে নিখোঁজ এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লায় বসবাস করত সে। তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জগতপুর এলাকার একটি ধানক্ষেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার দিন আগে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাজমিন। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে ঘুরতে যায় সে। বুধবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার।

ওই রাতে বাবা আবদুল আলীম মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি এবং রাতেই খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহটি নিজের মেয়ে জান্নাতুল তাজমিনের বলে শনাক্ত করেন আবদুল আলীম।

পুলিশ জানিয়েছে, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) মরদেহ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->