
গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো মোটেও সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অগণতান্ত্রিক ও অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে দেশবিরোধী সকল চক্রান্ত ও অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই আজ দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানাবিধ নাগরিক সমস্যার সৃষ্টি হয়েছে। অতীতের অপকর্মের সেই বিপুল সংকটের দায়ভার বর্তমান সরকারের ওপর এসে পড়েছে। দেশের সার্বিক সংকট কাটিয়ে উঠে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধীরা সরকারকে পুনর্গঠনের সেই প্রয়োজনীয় সময়টুকু দিতে চাচ্ছে না।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বর্তমান প্রশাসন নিরলস কাজ করছে। এই অগ্রযাত্রায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা বাধা প্রদান করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশ ও জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসী অপশক্তিকে একচুল ছাড় দেওয়া হবে না এবং যেখানেই সন্ত্রাস দেখা দেবে সেখানেই তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী ভাতা, দেশব্যাপী খাল খনন এবং সুদসহ কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক নীতি গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে সাধারণ জনগণ এর সুফল পেতে শুরু করেছে এবং এসব সামাজিক উন্নয়ন কর্মসূচি পুরোপুরি দৃশ্যমান করতে সরকারকে নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন।
বিরোধীদের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে যারা সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়েছিল, আজ বিপদের দিনে তারা কোথায়। নির্বাচনের পর দেশের সাধারণ মানুষ কোনো সংকটে তাদের কাছে পায়নি এবং অতীতেও তারা জনগণের সুখে-দুঃখে পাশে ছিল না।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।