
যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে তিনটি তক্ষক ও ৩০ হাজার টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাতে উপজেলার বিপ্রোকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে থেকে তক্ষকগুলো উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডিবির এসআই রাজেশ কুমার দাস বাদী হয়ে রবিবার (৩০ জানুয়ারি) সকালে মণিরামপুর থানায় একটি মামলা করেছেন। ঘটনার সময় তক্ষক বিক্রি চক্রের দুই সদস্য বিশ্বজিৎ মণ্ডল ও আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও তিনটি তক্ষক উদ্ধারের কথা জানিয়েছে ডিবি। উদ্ধার তক্ষকের মধ্যে একটি মৃত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার বিশ্বজিৎ মণ্ডল কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে এবং আব্দুল খালেক ভোলার দৌলতখাঁ দক্ষিণ জয়নগরের ইউনুস আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, শনিবার রাতে মণিরামপুরের বিপ্রোকোনা গ্রামের আমজেদ আলীর ছেলে রেজাউলসহ একটি চক্র তক্ষক কেনাবেচা করার খবর পেয়ে রাত পৌঁনে ১০টায় সেখানে অভিযান চালায় ডিবি। এসময় রেজাউল পালিয়ে গেলেও ধরা পড়েন বিশ্বজিৎ ও আব্দুল খালেক। বিশ্বজিতের কাছ থেকে বাজারের ব্যাগে থাকা তিনটি তক্ষক ও আব্দুল খালেকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মূলত ক্যান্সার রোগের ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহৃত হয় এমন তথ্য দিয়ে একটি চক্র সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে প্রতারিত করে আসছে। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান তক্ষক উদ্ধারের ঘটনায় মামলার বিয়ষটি নিশ্চিত করেছেন।