আজ - শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৫:৫৬

যশোর অভয়নগরে গড়াই পরিবহনের সাথে বাইকের সংঘর্ষে প্রান গেলো দুই যুবকের।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে অভয়নগর উপজেলার উড়োতলা এলাকার ‘মজুমদার ব্রান অয়েল মিল’-এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী। নিহত অপর মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার পর খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অভয়নগরের মজুমদার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের সামনের অংশে আটকে যান। বেপরোয়া বাসটি সে অবস্থাতেই প্রায় আধা কিলোমিটার পথ তাঁদের টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি থামালে বাসের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা দ্রুত তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অপর আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান জানান, ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->