আজ - শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৭

যশোর চৌগাছায় বাবার কোদালের আঘাতে চিকিৎসাধীন ছেলের মৃত্যু।

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় পিতার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনের মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। ওই সময় দোকানে আসা ক্রেতারা তাকে ঘুমন্ত দেখে ফিরে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তরিকুলের পিতা রবিউল ইসলাম চরম ক্ষিপ্ত হন। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি (হাতল) দিয়ে ঘুমন্ত তরিকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তরিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->