
যশোরের বাঘারপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ এবং তার অন্যতম সহযোগী মোছাঃ শিউলি বেগম রয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী একটি পরিবহনে মাদকের বড় চালান আসছে—এমন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঢাকা-নড়াইল মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১২-৫৩১৭) নামের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী মনজুরা বুড়ি ও শিউলি বেগমের হেফাজত থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনজুরা বুড়ি বাঘারপাড়া থানার দরাজহাট মধ্যপাড়া এলাকার আবু বাক্কারের স্ত্রী এবং শিউলি বেগম একই এলাকার মোঃ রিজাউল করিমের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকা ও আশপাশের জেলায় পাইকারি ও খুচরা ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।