
যশোর-ঝিনাইদহ সড়কে মোটরসাইকেলে এসে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের অদূরে বিজয়নগর মোড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইতু রানী কুন্ড (৩৩) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী ইতু রানী কুন্ড জানান, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে যশোর শহরের দড়াটানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে বিজয়নগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিল।
ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
এসআই আব্দুর রউফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাই প্রতিরোধে যশোর-ঝিনাইদহ সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে একই সড়কে বারবার ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সড়কটিতে পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।