আজ - মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:১৮

যশোর মনিরামপুরে মটর সাইকেল চুরির সময় হাতেনাতে ৩ যুবক আটক।

যশোরের মণিরামপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে তিন তরুণকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাটি ঘটে  রোববার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যার দিকে মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ব্যস্ততম কাজীগ্রাম মোড়ে। আটককৃত ব্যক্তিরা হলেন মণিরামপুর উপজেলার কাজীয়ারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ইমন হোসেন (২০) তাঁর গাড়িটি কাজীগ্রাম মোড়ের সড়কের পাশে রেখে রাস্তার ধারের একটি ছোট চায়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এই সুযোগে ওই তিন ব্যক্তি কৌশলে মোটরসাইকেলটি স্টার্ট দিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি চালক ইমন হোসেনের নজরে এলে তিনি দ্রুত চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন ও স্থানীয় দোকানিরা দ্রুত এগিয়ে এসে ধাওয়া করে তিন চোরকে আটক করেন।

পরবর্তীতে জনরোষ থেকে বাঁচিয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় আটক তিনজনকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->