
যশোরের মণিরামপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে জিসান (১০) ও ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৬)। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে ইয়াসমিনকে বাড়িতে নিয়ে গেলে পরিবারের সদস্যরা তার মৃত্যু নিশ্চিত হন। অপরদিকে, জিসানকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একসঙ্গে খেলাধুলা করা দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো হাজরাকাটি গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কিছুক্ষণ আগেও যারা শাপলা ফুল তুলতে হাসিমুখে বের হয়েছিল, তাদের নিথর দেহ ফিরে আসায় পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) কামাল হোসেন জানান, বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।