আজ - সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৩০

অভয়নগরে সাপের কামড়ে প্রান গেলো তৃতীয় শ্রেণির ছাত্রী জেরিনের।

যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জেরিন খাতুন ওই এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিহতের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতের খাবার শেষে জেরিন যথারীতি ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষধর সাপ কামড় দিলে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়ির চারপাশসহ পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যার মতো এই পরিস্থিতির কারণেই মূলত চারদিকে বিষাক্ত সাপের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাপের কামড়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->