
ফেসবুকে পেজ খুলে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের আকাশ শেখ (২০), ফারুক মোল্যা ওরফে অনিক (২২) এবং পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) ও লিমন মোল্যা (২২)।
পুলিশ জানায়, এই চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করত। এসব পেজে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ইলিশ মাছের অর্ডার নিয়ে অগ্রিম টাকা হাতিয়ে নিত তারা। সম্প্রতি এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে লিখিত অভিযোগ করলে তদন্তে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইনে মাছ বিক্রির আড়ালে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।