
যশোরের শার্শা ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১১ অক্টোবর) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শার্শা উপজেলার নিজামপুর বাজারসংলগ্ন আব্দুল মালেকের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
অপরদিকে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে অপর একটি দল সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে হাসান আলী খানের গ্যারেজের সামনে অভিযান চালায়। এ সময় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামে আরেক যুবককে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোডে সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
ডিবি পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।