আজ - বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৫

যশোরে বিএনপি নেতার ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় লুটপাট-সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।

যশোরে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ি ভাংচুর, ফসল লুট ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে ৫০–৬০ জন সশস্ত্র লোক তার বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বসতঘর ভাংচুর করে এবং দুই বিঘা জমির সরিষা ক্ষেত কেটে আলমসাধু ও ভ্যানযোগে লুট করে নিয়ে যায়। এছাড়া বসতভিটার আশপাশে লাগানো ১০টি শিশু গাছ, ৫টি মেহগনি গাছ, ১০টি নারিকেল গাছ এবং প্রায় ১০০টি বাঁশ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

নূর ইসলাম আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে আবুল কাশেম ও তার সহযোগীরা পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালান। এতে ১০–১২ জন নারী আহত হন। গুরুতর আহত দুই নারীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী নূর ইসলামের পুত্রবধূ নার্গিস, ভাই মুনতাজ, ভাইয়ের স্ত্রী কমলা এবং মুনতাজের পুত্রবধূ মৌসুমি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবুল কাশেমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->