আজ - বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:১০

পুলিশ কনস্টেবল নিয়োগে মেধায় হবে একমাত্র যোগ্যতা-খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুস, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।

তিনি বলেন, পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।

বুধবার বেলা সাড়ে ১১টায় ডিআইজির কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি।

ডিআইজি জানান, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরা অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই—মেধাই হবে একমাত্র যোগ্যতা।

এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি বলেন, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে বলেও তিনি জানান।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন—পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->