আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৯

যশোরে দুটি তেল পাম্পে প্রতিমন্ত্রী অমিতের আকস্মিক পরিদর্শন।

যশোরের দুটি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাত প্রায় আটটার দিকে তিনি শহরের ‘মনির উদ্দিন তেল পাম্প’ ও ‘যাত্রিক তেল পাম্প’ পরিদর্শনে যান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং নানা অসঙ্গতি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুরো কার্যক্রমটি প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সফরসঙ্গী সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী প্রথমে মনির উদ্দিন তেল পাম্পের গুদাম ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করেন। তিনি নিজে প্রতিষ্ঠানের হিসাবের খাতা ও ক্যাশমেমো খতিয়ে দেখে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন এবং সঠিক নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। পরিদর্শনকালেই তিনি মুঠোফোনে জেলা প্রশাসককে কল করে প্রাপ্ত অসঙ্গতিগুলো সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে তিনি যাত্রিক তেল পাম্পেও একইভাবে পরিদর্শন চালান। সেখানেও কিছু অনিয়ম তার নজরে আসে। উভয় পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে প্রতিমন্ত্রী নির্দেশ দেন যে, কোনো অবস্থাতেই তেল বিক্রি বন্ধ রাখা যাবে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই দুই তেল পাম্পের বিরুদ্ধে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মাপে কম দেওয়া এবং কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ বিক্রি বন্ধ রাখার অভিযোগ ছিল। প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->