
যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে রহস্যজনকভাবে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘটেছে। কে বা কারা এই মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের ব্যস্ততম চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর একটি ‘হ্যান্ড মাইক’ রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইক থেকেই ৭ মার্চের ভাষণটি বাজছিল। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের নজরে আসে। মুহূর্তের মধ্যেই আশপাশে উৎসুক মানুষ ভিড় জমান এবং বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।
স্থানীয়রা জানান, মাইকটি সেখানে রেখে যাওয়ার সময় কাউকে সরাসরি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কোনো পক্ষ রাতের অন্ধকারে কৌশলে প্রাচীরের ওপর হ্যান্ড মাইকটি রেখে ভাষণ চালু করে দ্রুত সটকে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এমন আকস্মিক ও রহস্যময় ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তবে খবর পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না, তা অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।