আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:৪৪

যশোর বারান্দিপাড়ায় আলোচিত জিতু হ ত্যা য় জড়িত চোর সুমন আটক।

যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়ার আলোচিত শরিফুল ইসলাম জিতুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন হোসেন ওরফে ‘চোর সুমনকে’ আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পেছনে আত্মরক্ষার কারণ ছিল বলে দাবি করেছেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো ঘটনার নেপথ্য কারণ এবং অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া ফুলতলা মোড় এলাকায় শরিফুল ইসলাম জিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। অপরদিকে আটক সুমনের বিরুদ্ধেও হত্যা, চুরি ও অন্যান্য অপরাধসহ ১১টি মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুজনই মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুমনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->