
আম পাড়তে গাছের মাথায় উঠে বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি নারকেল গাছের মাথায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে দগ্ধ হয়ে তিনি মারা যান।
নিহত আলমগীর স্থানীয় গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন বলেন, আলমগীর নারকেল গাছের ডগায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। অসাবধানতাবশত লাঠির এক মাথা পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে আগুন ধরে যায়। এতে আলমগীর মরে গাছের ডগায় ছিলেন।
ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা এসে লাশ নামিয়ে আনে।’
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মাসুম হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।’
নিহতের স্বজন যুক্তি খাতুন বলেন, ‘তার এক ছেলে ও এক মেয়ে। তিনি আম পাড়ার কাজ করেন। সকালে আম পাড়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। পরে শুনি বিদ্যুৎস্পৃষ্টে আমার ভাসুর মারা গেছেন।’