আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১৪

শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে বৈরীতার বিপরীতে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরীতার বিপরীতে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দু’দেশ একে অপরের সহায়ক। তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

তিনি রোববার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

এসময় অনলইন প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিএনপি দাবি করেছে, সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন।

তিনি বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোঁড়ার আহ্বান জানিয়ে বলেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার ৬৫ তম জন্মদিন উপলক্ষে তাকে ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহেনা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহেনা কখনও পাদপ্রদীপের আলোয় আসেননি।

শেখ রেহেনার ৬৫ তম জন্মদিনে ওবায়দুল কাদের তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->