
যশোরের বেনাপোল রোডের গালিব তেলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের (৩৫) নামে এক যুবক। তবে তার মৃত্যুর ভুল সংবাদ শুনে শোক সইতে না পেরে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন তার পিতা রবিউল ইসলাম (৬৫)। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল রোডের গালিব তেলপাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত ওবায়দুল কাদের চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আলমসাধু গাড়ির চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ছেলের মৃত্যুর গুজব বা ভুল সংবাদ গ্রামে পৌঁছালে তার পিতা রবিউল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শোকের তীব্র আঘাতে তিনি স্ট্রোক করেন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান। রাতে অ্যাম্বুলেস্সে ওবাইদুর কাদেরকে বাবার মরদেহ দেখতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আবার যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে, তারাবি নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সড়ক দূর্ঘটনায় ছেলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, বাবা স্টোকজনিত কারনে মৃত্যু বরণ করেছেন।