আজ - শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৩৬

ঝিনাইদহ কোটচাঁদপুর পুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি,হাতেনাতে ৩ জন আটক।

ঝিনাইদহের কোটচাঁদপুরে জুমার নামাজের সময় মাইক্রোবাসে করে ছাগল চুরি করতে গিয়ে একই পরিবারের তিনজন আটক হয়েছেন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় চুরি করা একটি ছাগল ও ছাগল বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) ও ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি বলে জানিয়েছে পুলিশ। সাধারণ মানুষের সন্দেহ এড়াতে পরিবারের সদস্য সেজে তারা ছাগল চুরিতে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের সময় নির্জনতার সুযোগ নিয়ে চক্রটি একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয়। পরে ইকড়া গ্রামের আরেকটি ছাগল গাড়িতে তোলার সময় স্থানীয়দের নজরে পড়ে। সন্দেহ হলে এলাকাবাসী মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই সমীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন। পরে একটি ছাগল ও কালো রঙের ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের মাইক্রোবাসসহ তিনজনকে কোটচাঁদপুর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, চুরির ঘটনায় আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে এবং চোরাই ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->