
যশোরে র্যাব-৬-এর বিশেষ অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার দুর্ধর্ষ আসামি জালাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্প (সিপিসি-৩) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাউলিয়া এলাকায় একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত জালাল শেখ ওই এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে।
র্যাব আরও জানায়, জালাল শেখের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র আইন এবং ১টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও ডাকাতির মূল হোতা হিসেবে পরিচিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।