
যশোরের বেনাপোল পোর্ট থানার বেনাপোল বাইপাস সড়কে লোহা বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী ও ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে বাইপাস সড়কের ভবারবেড় গ্রামের রাজুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন— মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু মোটরসাইকেলযোগে গোগা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোহাবোঝাই ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে চালকসহ তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।