আজ - সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৩৬

যশোর মনিরামপুরে ধানের গোডাউনে মিললো ৭ শ লিটার জ্বালানি তেল।

যশোরের মণিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন। ওই বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চার ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন ব্যবসায়ী তবিবর রহমান। উদ্ধার তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। তবে, কোন তেলের পরিমাণ কতটুকু তা জানা যায়নি। জব্দ তেল মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, ‘শনিবার দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুদ করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদাম থেকে আরও তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, মজুদ চার ব্যারেল জ্বালানি তেলের মধ্যে কোনটার পরিমাণ কতো তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। জব্দ তেলের পরিমাণ আনুমানিক ৭০০ লিটার। মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সাথে ওই বাজারের ধানের আড়তদার গোবিন্দের ভালো সম্পর্ক। তার আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। শনিবার সকালে গোবিন্দের আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যান্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বেচতেন।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->