
স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভায় নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার এসব ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। কমিশন সভা শেষে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।
সচিব বলেন, প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভা নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিল, মনোয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। ভোটগ্রহণের আগমুহূর্তে এসে করোনার সংক্রমণ বিবেচনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।
গত ১৯ মে ও ২৪ মে এসব নির্বাচন নিয়ে সভা হয়। কিন্তু নভেল করোনাভাইরাসের কথা মাথায় রেখে গত দুই সভায় সিদ্ধান্ত নেয়নি কমিশন। সরকারের দেওয়া চলমান বিধিনিষেধ শেষ হলে ভোটের সিদ্ধান্ত হবে বলে জানানো হয়।
২৪ মে কমিশন সভা শেষে ইসি সচিব আজ ২ জুন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে ভোটের তারিখ ঠিক করার কথা জানান।
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল আগেই ঘোষণা হয়েছিল। গত ১১ এপ্রিল এ আসনের উপনির্বাচনের কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। ফলে নতুন করে লক্ষ্মীপুর-২ আসনের তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। এই আসনের কেবল ভোটের তারিখ ঘোষণা করতে হবে। এ ছাড়া অন্য তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।