আজ - মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:০৯

যশোর মাগুরা সড়কে গভীর রাতে প্রান গেলো একই পরিবারের ৩ জনের।

চুয়াডাঙ্গায় আত্মীয়র বাড়িতে বেড়ানো শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের বটগাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছর বয়সী শিশু কন্যা শেহেরিশ।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আলমাস (১০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, প্রাইভেটকারটি চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে আসছিল। ধারণা করা হচ্ছে, চালক জাকারিয়া জনির চোখের ঘুমজনিত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা খায়।

ঘটনাস্থলেই জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ছোট শিশু শেহেরিশের মৃত্যু হয়।

নিহত জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার সপরিবারে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জনি। সেখান থেকে ফেরার পথেই এই করুণ পরিণতি। বর্তমানে নিহতদের মরদেহ মনিরামপুরের বাড়িতে রয়েছে এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->