
যশোরের শার্শা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামের আলার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিরেনগাছা গ্রামের বিএনপি নেতা আব্দুল মমিন মোল্লা এবং আরমান হোসেন ডাবলু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ডাবলু গ্রুপের সমর্থক রাজ্জাক (২৫), দ্বীন ইসলাম (৪৫) ও মিলন হোসেন (৪০) স্থানীয় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। হামলার পর অভিযুক্তরা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি; লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।