আজ - শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৩৪

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোরের সরদার স্টেটের জমি দখলের চেষ্টা

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যশোর শহরের পুরাতন কসবা মৌজায় সরদার স্টেটের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞার বিষয়টি অবগত থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন ওই জমিতে ইট, খোয়া ও অন্যান্য মালামাল রেখে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সরদার স্টেটের মালিক সায়াদ হোসেন। এমনকি আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) লোকজন সুমন ও আসাদ আরবপুরের বিএনপি নেতা মানিককে নিয়ে জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। এর আগে ৮ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় জমি দখলের ষড়যন্ত্রের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন সায়াদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সায়াদ হোসেন যশোর শহরতলীর আরবপুর এলাকার বাসিন্দা। পুরাতন কসবা মৌজায় তাদের পৈত্রিক সূত্রে আরএস ৬০৬ ও ৬০৭ খতিয়ানের আরএস ৬০৫৮ দাগে ১৬৪ দশমিক ৫০ শতক জমির মালিক। এ সম্পত্তি নিয়ে যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানী ৭৩/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।
সায়াদ হোসেনের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানার পরও মামলার বিবাদী আসাদুজ্জামান, সুমন হোসেন ও রাজুসহ কয়েকজন তার পৈত্রিক সম্পত্তিতে ইট ও খোয়া রেখে দখলের চেষ্টা করছেন। তিনি তাদের মালামাল না রাখার জন্য এবং রাখা মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করেননি।
জমিতে অবৈধভাবে মালামাল রাখার কারণে সায়াদ হোসেন তার সম্পত্তি স্বাভাবিকভাবে ব্যবহার ও ভোগদখল করতে পারছেন না। এরই মধ্যে শুক্রবার আসাদুজ্জামান, সুমন ও রাজু বিএনপি নেতা মানিকের নেতৃত্বে মিলন ,মথু ,
সেলিম, সিদ্দিক ,মধু
জাহিদ ,হ্যাপিসহ
আবারও লোকজন নিয়ে জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। জমি দখলের বাধা দিতে গেলে দখলদারদের সাথে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় সায়াদ হোসেন ও তার পরিবারের লোকজনের। সায়াদের পক্ষের লোকজন হট্টগোলের ভিডিও মোবাইলে ধারণ করলে মানিক ও তার লোকজন চরম ক্ষিপ্ত হন।
মানিক ও তার লোকজন সায়াদ হোসেন ও তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেন। একপর্যায়ে মানিক ও তার লোকজন মোবাইলে ধারণ করা ভিডিও ডিলিট করতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করছেন সায়াদ হোসেন। তিনি পুলিশের কাছে বিষয়টি সরেজমিনে তদন্ত করে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন, জমিতে রাখা মালামাল অপসারণ এবং তার জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযোগকারী সায়াদ হোসেন জানিয়েছেন, এটি আমার ক্রয়কৃত সম্পত্তি নয়, আমাদের পৈত্রিক সম্পত্তি। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষ লোকজন পাঠিয়ে জমি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার চাই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->