
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতালের সিসিইউর সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ঘোপ সেন্টার রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মারুফ এবং বিরামপুর নোয়াপাড়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান। দুজনই যশোর সদর উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রোগীদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো এবং সেখান থেকে কমিশন নেওয়ার সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আটকের পর বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর আগেও তাদের দালালি থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছিল। পূর্বে আটক হওয়ার পর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মৌখিক মুচলেকা দিয়ে তারা ছাড়া পেয়েছিলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।