আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:২৬

কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন যশোর মনিরামপুরে প্রান গেলো একই পরিবারের ৪ জনের।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের মনিরামপুরের একই পরিবারের চারজনের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন স্বজনেরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে আগুন লাগার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মনিরামপুর পৌরসভার মোহনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

নাহিদুর ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি মিরপুরের শ্যাওড়াপাড়ায় বসবাস করতেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, শুক্রবার পরিবার নিয়ে কক্সবাজারে যাওয়ার কথা জানিয়েছিলেন নাহিদুর। শনিবার অগ্নিকাণ্ডের খবর পেয়ে একাধিকবার ফোন করেও ভাই কিংবা তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁদের খোঁজে শনিবার সন্ধ্যায় তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

জাহিদুরের পাঠানো বুকিংয়ের বিলের কপি অনুযায়ী, ১১ অক্টোবর রিসোর্টটির একটি কক্ষ বুকিং করেছিলেন নাহিদুর। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সেখানে তাঁদের থাকার কথা ছিল। রোববার দুপুর ১টায় রিসোর্ট ছাড়ার নির্ধারিত সময় ছিল।

জাহিদুর জানান, তাঁরা দুই ভাই। তাঁদের মা বেঁচে নেই। অসুস্থ বাবা গ্রামের বাড়িতে থাকেন। তাঁকে এখনো এ ঘটনা জানানো হয়নি। ভাই ও তাঁর পরিবারের সদস্যরা কোথায় আছেন, কী অবস্থায় আছেন—তা নিশ্চিত হতে না পেরে উদ্বেগে রয়েছেন তাঁরা।

শনিবার রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, নাহিদুর নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। তবে তাঁর পরিবারের অন্য সদস্যদের বিষয়ে তিনি নিশ্চিত তথ্য জানাতে পারেননি। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

স্বজনদের আশঙ্কা, অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে নাহিদুর ও তাঁর পরিবারের সদস্যরা থাকতে পারেন। তবে তাঁদের পরিচয় কিংবা মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার মেরিন ড্রাইভসংলগ্ন ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->