আজ - বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:৩২

যশোর জেলা যুবদলের বহিস্কৃত নেতা এস্কেন্দার আলী জনি আটক।

যশোরের সমালোচিত বহিস্কৃত যুবদল নেতা সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক হওয়ার পর তাকে যশোরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও সমালোচনা তৈরি হয়। সম্প্রতি এসব অভিযোগের প্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->