আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৩৫

যশোরে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিনজন রিমান্ডে

যশোরে বিপ্লব মোল্যা (২৭) নামে এক যুবক হত্যার অভিযোগে স্ত্রীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আসামিরা হলেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া কলোনি মোড়ের ফারুকের বাড়ির ভাড়াটিয়া আছির উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার ওরফে কুলসুম, সদর উপজেলার জগমোহনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাসবিরুল হোসেন হৃদয় ও ইছালী পূর্বপাড়ার আবু তাহেরের ছেলে আব্দুল মতিন। ময়নাতদন্ত রিপোর্টের হত্যা করা হয়েছে প্রমাণ পাওয়ার পরই ১৮ আগস্ট তাদের আটক করা হয়।
যশোর সদর উপজেলার কামারগন্না মধ্যপাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে ইউনুচ আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ছেলের বউ কুলসুম আক্তার ওরফে কুলসুম, তাসবিরুল হোসেন ওরফে হৃদয়, আব্দুল মতিনসহ অজ্ঞাতনামা ১-২ জনের বিরুদ্ধে এজাহার দেন।
মামলায় উল্লেখ করা হয়, আট বছর আগে ছেলে বিপ্লব মোল্যার সঙ্গে কুলসুম আক্তার ওরফে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর বিপ্লব মোল্যার ওরসে মেহেদী হাসান শাকিব (৬) ও রবিউল ইসলাম নিহাত (৪) নামে দুটি ছেলে জন্ম নেয়। বিপ্লব মোল্যা যশোর শহরতলীর পালবাড়ি ঘোষপাড়ার সাজ্জাদের বস্তির একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩ জুন রাত ১১টা থেকে রাত পৌনে তিনটার মধ্যে ‘বিপ্লব মোল্যা মারা গেছে’ বলে তাসবিরুল হোসেন ওরফে হৃদয় ও আব্দুল মতিন অ্যাম্বুলেন্সযোগে ইউনুচ আলীর বাড়িতে গিয়ে জানান। ওই রাতে ইউনুচ আলী বড় ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী জবেদা বেগমকে নিয়ে সেই অ্যাম্বুলেন্সযোগে ঘোষপাড়ার ওই বাড়িতে গিয়ে দেখেন, বিপ্লব মোল্যা কাত হয়ে পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে গত ৪ জুন কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা রুজু হয়। পরে বিপ্লব মোল্যার বাবা লাশ বুঝে নিয়ে দাফন করেন। ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্নকারী যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক বাবলু কিশোর বিশ্বাস ১৮ আগস্ট রিপোর্টে উল্লেখ করেন, ‘নিহত ব্যক্তিকে শ্বাসরোধপূর্বক আঘাতজনিত কারণে হত্যা করা হয়েছে।’
ময়না তদন্তর রিপোর্ট থানা পুলিশের মাধ্যমে পেয়ে ছেলের বউসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১-২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ মঙ্গলবার ১৮ আগস্ট রাতে কুলসুমসহ তিনজনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করে। একই সঙ্গে রিমান্ডের আবেদন জানানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->