
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুন্না শেখ নামের আরো একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষের এঘটনায় প্রাণহানীর সংখ্যা দাড়িয়েছে ৫ জনে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিল।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের এবং খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের পুরনো বিরোধ ছিল। সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হওয়া বড়কুলা গ্রামে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
সংঘর্ষে নিহতরা হলেন, খলিল গ্রুপের প্রধান খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, গ্রুপের সদস্য ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ। এছাড়া প্রতিপক্ষ খায়ের গ্রুপের সদস্য ওসিবুর মিয়া এই সংঘর্ষে প্রাণ হারায়।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।