আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৩১

বাসের ভেতর সুপারভাইজারের লাশ, চালক আটক

লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ এপ্রিল) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাস থেকে লাশ উদ্ধার করা হয়।

রিয়াদ হোসেন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের দুদু মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসচালক নাহিদকে আটক করেছে পুলিশ। তিনি রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত ১০টার দিকে লক্ষ্মীপুরে পৌঁছায়। যাত্রীদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়।

গাড়িতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন। এ সময় চালক ও পুরাতন স্টাফ তাদের লিটন ও নতুন হেলপারকে রেখে বাসায় ফেরেন। পরে দুই জন বাসে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে লিটনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দেন চালক। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক। তার পরিচয় জানাতে পারেনি কেউ। বাসচালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->