আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:৪৪

যশোরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ১২শ প্রবাসী, আতঙ্কে থানায় ফোন!

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদেশ ফেরত ১২শ প্রবাসী হোম কোয়ারেন্টাইন আইন না মেনে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে তারা থানায় ফোন করলেও থানা থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগে জানাতে বলা হচ্ছে। আর তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হবে বলেই দায় সারছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের পর উপজেলার বাঁকড়া এলাকায় অনেক নাগরিক ইতালি, মালয়েশিয়া, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছেন। কিন্তু তারা কোয়ারেন্টাইন আইন না মেনে অবাধে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশে খবর দিলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কয়েকজন জানান, বাঁকড়া বাজারে ইতালি ও মালেয়শিয়া ফেরতদের দেখে থানায় ফোন করলে তারা ঝিকরগাছা স্বাস্থ্য বিভাগে জানানোর কথা বলেছে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসক প্রত্যেক উপজেলা চেয়ারম্যান ও তার সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও তাদের সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে জরুরি সভা করেছেন। প্রত্যেক উপজেলায় প্রশাসনিক কর্মকতা ও প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের অধীনে একটি করে কমিটি গঠন করা হবে। তাদের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, গোটা উপজেলায় মোট ১২শ বিদেশফেরত মানুষ রয়েছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের তালিকা করবেন এবং স্বাস্থ্য বিভাগের অফিসে জমা দেবেন। এই তালিকা পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এটা আমাদের ১৫ দিনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের সকল নাগরিককে সহযোগিতা করতে হবে।


আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->