আজ - সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৫:৪৮

যশোরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি,জামায়াত নেতাকে পুলিশে দিলো বিএনপি কর্মীরা।

যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর বাজারে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তির অভিযোগে দীন ইসলাম নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। অভিযোগ করা হচ্ছে তাকে মারপিট করে একটি ঘরে আটকে রাখা হয়েছিলো। রোববার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক দীন ইসলাম বারীনগর এলাকার আলি আকবারের ছেলে।

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান দাবি করেন, রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দীন ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অকথ্য ভাষায় বক্তব্য দেন। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন রাষ্ট্রপতি হতে না পারেন, এমন মন্তব্যও করেন এবং এ বিষয়ে একাধিক ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি জানার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে তাকে আটক করেন। পরে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে ওই ভিডিওগুলো তার কাছে নেই। সবই ডিলিট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, ঘটনাটি প্রথম দেখতে পান স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মেম্বার। তার কাছে থাকতে পারে।
বিষয়টি নিয়ে বিল্লাল মেম্বার বলেন, দীন ইসলাম একাধিক ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন এবং বাজারের অনেক মানুষ সেগুলো দেখেছেন। পরে ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে ভিডিওগুলোর কোনো কপি তার কাছে আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ফেসবুক সম্পর্কে তার ধারণা কম এবং ভিডিও তার কাছে নেই।

অন্যদিকে, ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসেন  বলেন, দীন ইসলাম জামায়াতের একজন সমর্থক এবং বারীনগর বাজারে তার একটি জুতার দোকান রয়েছে। দোকানটি দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে । এর আগেও তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->