
যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীতে বসতভিটার জমি দখল করে রাস্তা সম্প্রসারণের চেষ্টা এবং ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। অভিযোগে তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন।
প্রতিবেদন:
লিখিত অভিযোগে বেজপাড়া আজিমাবাদ কলোনীর বাসিন্দা মো. হাসিব রেজা (৩০) দাবি করেন, তাদের বসতভিটার সামনের পারিবারিক রাস্তা দীর্ঘদিন ধরে উভয় পক্ষ ব্যবহার করে আসলেও সম্প্রতি প্রতিবেশীরা জোরপূর্বক রাস্তা বড় করার নামে তার বাড়ির অংশ ভেঙে জমি দখলের চেষ্টা করছে।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল (বাবু), মো. শামসুদ্দিন, মো. ওমর ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুলাই রাত ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বাড়ির জমিতে প্রবেশ করে ঘর ভাঙার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, ভবিষ্যতেও জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হতে পারে। এতে বড় ধরনের সংঘর্ষ, জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এক অভিযুক্ত নিয়মিত তার দোকানে গিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।