আজ - বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:০৯

যশোর অভয়নগরে ব্যবসায়ী আনিছ হ ত্যায় জড়িত সন্দেহে যুবক আটক।

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানা হেফাজতে নেওয়া হয়।

আটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমেদ আলীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়িতে খাদেম হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে মনির হোসেনকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার দুপুরে তাকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার (৬ মে) সন্ধ্যায় অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মসজিদের সামনে আনিছুর রহমান তার নির্মাণাধীন ৬ তলা ভবনের (আনিছ ট্রেড ভ্যালি) ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় পীরবাড়ি নিবাসী শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২-৩ জন অস্ত্রধারী পূর্বপরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শাহ মো. মাহমুদ তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও নাসিরসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড’-এর পরিচালক ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->