
যশোরের অভয়নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাইকেল আরোহী আবুল কালাম খান (৫৫) গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর–খুলনা মহাসড়কের আলীপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
নিহত আবুল কালাম খান উপজেলার প্রেমবাগ চাপাতলা গ্রামের মৃত ইনসার আলী খানের ছেলে।
‘হঠাৎই একটা শব্দ, দেখি মানুষটা উড়ে গেল’ —এভাবেই বলছিলেন প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি রফিকুল ইসলাম। তিনি বলেন, কালাম খুব চেনা মানুষ। প্রতিদিন সকালে পটল নিয়ে বাজারে যান। আজও হাসিমুখে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটা ট্রাক এমন গতিতে আসল যে কিছু বোঝার আগেই সাইকেলটা উল্টে গেল, মানুষটা রাস্তায় ছিটকে পড়লেন। চোখের সামনেই নিস্তব্ধ হয়ে গেলেন তিনি।
অন্য এক পথচারী মঞ্জু শেখ (ছদ্মনাম) বলেন, ধাক্কা দিয়েই ট্রাকটা পালায়। আমরা চিৎকার করলেও কেউ থামেনি। এমন মৃত্যু খুব কষ্টের, ভাই।
আবুল কালাম খান সকালে নিজের সবজি ক্ষেতে কাজ শেষে প্রায় ২০ কেজি পটল নিয়ে সাইকেলযোগে নওয়াপাড়া বাজারের পথে ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
‘দ্রুতগামী ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে’ জানিয়েছেন নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান। তিনি বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামের মানুষ বলছেন—ভোরে বেরিয়ে যাওয়া কালাম খানের আর ফিরে আসা হলো না। সবজি বিক্রির টাকায় সংসার চলত, এখন চোখে জল আর শূন্যতার গল্প।